
ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ নীরব দর্শক হয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মক্কা ও মদিনা বিশ্বের মুসলমানদের ঐক্য ও আবেগের প্রতীক। এ দুটি পবিত্র নগরীকে ঘিরে কোটি কোটি মানুষের অনুভূতি জড়িয়ে রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশের যোগদান এবং সৌদি আরবের পক্ষ থেকে সেনা চাওয়া হলে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো ওই জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে যোগদানের পরই সেনা পাঠানোর বিষয়টি বিবেচনায় আসতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে সেনা পাঠানোর প্রশ্ন নেই।
তিনি আরও বলেন, সৌদি আরবের এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থন রয়েছে। একই সঙ্গে চলমান হামলা ও সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সৌদি আরবের সরকার ও জনগণের পাশে বাংলাদেশ সরকার এবং দেশের সাধারণ মানুষ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সৌদি আরবের তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার প্রভাব বাংলাদেশের জ্বালানি সরবরাহে পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আপাতত দেশের জ্বালানি খাতে বড় ধরনের শঙ্কা দেখছে না সরকার।
তিনি জানান, জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চলমান সংঘাতের দ্রুত অবসান কামনা করে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানান।
সূত্র: দৈনিক ইত্তেফাক